প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা এলাকা থেকে সাত হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী একটি ট্যাংকার জব্দ করেছে পুলিশ। খুলনা থেকে ভোররাতে গাড়িটি জেলার শহরের উপর দিয়ে পেট্রোল পাম্প বিহীন এলাকা ফিংড়ি ও ব্যাংদহা বাজারের দিকে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তারা সেটি আটক করে পুলিশে দেয়। এ সময় তেলবাহী ট্যাংকার চালক মোঃ রিপন শেখকে আটক করা হয়।
আটক চালক মো. রিপন শেখ (৩৮) খুলনা জেলার খালিশপুর এলাকার ইসমাইল শেখের ছেলে।
সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মেঘনা গ্রুপের এক ডিলার খুলনার ডিপো থেকে তেলবাহী একটি ট্যাংকার নিয়ে ফিংড়ি ও ব্যাংদহা বাজারের দিকে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তারা সেটি আটক করে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তেলবাহী টাংকারটির বৈধ কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। এ সময় অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্যাংকারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয় এবং চালককে আটক করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত তেলবাহী ট্যাংকার বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আটক চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
ns coll