প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সংগীত শিক্ষা চালুর সিদ্ধান্ত সরকারের: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬

  • শেয়ার করুন

প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সাধারণ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংগীত শিক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গুচ্ছভিত্তিক (ক্লাস্টার) পদ্ধতিতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ ব্যবস্থায় সংগীত প্রশিক্ষকেরা একটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে পাঠদান করবেন।

তিনি আরও জানান, প্রতিটি জেলা ও উপজেলায় স্কুলপর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের মন্ত্রণালয় প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব প্রতিষ্ঠানে উপজেলাভিত্তিক ক্লাস্টার পদ্ধতিতে সংগীত শিক্ষা নিশ্চিত করবে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের সাংস্কৃতিক সম্পৃক্ততা বাড়াতে ক্রীড়া প্রতিযোগিতার আদলে সংগীত প্রতিযোগিতাও আয়োজনের পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংগীত শিক্ষক নিয়োগ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, তখন সব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সংগীত শিক্ষক না থাকায় তারা মূলত জেলাভিত্তিক কিছু প্রতিষ্ঠানে সীমাবদ্ধ ছিলেন। তিনি মন্তব্য করেন যে অন্তর্বর্তী সরকার নির্বাচিত না হওয়ায় জনগণের কাছে তাদের সরাসরি দায়বদ্ধতা ছিল না।

তিনি বলেন, ওই সময়ে কিছু ভালো সিদ্ধান্তের পাশাপাশি এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা আমাদের মতে এড়িয়ে যাওয়া যেত। তবে সিদ্ধান্তগুলো যে উদ্দেশ্যপ্রণোদিত ছিল তা আমি বলব না।

  • শেয়ার করুন