১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬

  • শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার। এ লক্ষ্যে শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসাসেবা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী (হেলথ কেয়ারার) নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন।

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ সোমবার (৬ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ বছরের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ, পশুপাখি ও পরিবেশ—এই তিনটি উপাদান পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এদের নিরাপত্তা ও সুস্থতা একে অপরের ওপর নির্ভরশীল। তাই সকল প্রাণের সুরক্ষা এখন সময়ের দাবি।

তিনি বলেন, এটিই ‘ওয়ান হেলথ’ (One Health) ধারণা, যা মানুষের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তার চারপাশের প্রাণিকূল ও পরিবেশের সুস্বাস্থ্য রক্ষায় সমান গুরুত্ব দেয়। এই লক্ষ্য অর্জনে চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানকে সমন্বিত করে গবেষণা এবং টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

  • শেয়ার করুন