প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় অচেতন রয়েছেন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারছেন না বলে একটি আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক কূটনৈতিক নথির বরাতে জানায়, ৫৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা বর্তমানে ইরানের পবিত্র শহর কুমে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তিনি ‘গুরুতর’ শারীরিক অবস্থায় আছেন এবং কার্যত অক্ষম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি ওই নথিতে বলা হয়েছে, মোজতবা খামেনি এমন অবস্থায় আছেন যে তিনি কোনো ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারছেন না। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র বা ইরান।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি। একই হামলায় আহত হন তার ছেলে মোজতবা খামেনি। ওই হামলায় তার মা, স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেল এবং এক সন্তানও নিহত হন বলে জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহত আলী খামেনির মরদেহ কুম শহরে দাফনের প্রস্তুতি চলছে। শহরটি শিয়া ধর্মীয় নেতৃত্বের কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানে একাধিক কবরসহ একটি বড় মাজার নির্মাণের প্রস্তুতিও চলছে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে।
এমনকি মোজতবা খামেনির অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকেও একই স্থানে দাফনের সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে। চলমান সংঘাত শুরুর পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি বা তার কোনো সরাসরি বক্তব্য শোনা যায়নি।যদিও রাষ্ট্রীয় টেলিভিশনে তার নামে কিছু বিবৃতি প্রচার করা হয়েছে, তবে সেগুলোতে তার কণ্ঠ শোনা যায়নি, যা তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে। এদিকে, ইরান সরকার দাবি করেছে যে নতুন সর্বোচ্চ নেতা এখনও দেশের দায়িত্বে রয়েছেন।
ns coll