পাচঁ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের

প্রকাশিত: মে ৬, ২০২৬

  • শেয়ার করুন

দেশের পাচ জেলায় বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নওগাঁয় তিন ও লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর ও নাটোরে একজন করে চারজন রয়েছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে।

নওগাঁ
দুপুরে বৃষ্টির মধ্যে ধান কাটার সময় বজ্রপাতে জেলার মহাদেবপুর উপজেলায় একজন ও নিয়ামতপুর উপজেলায় দুজনের মৃত্যু হয়েছে।

তারা তিনজন পেশায় কৃষি শ্রমিক ছিলেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ধান কাটছিলেন দিলিপ চন্দ্র বর্মন নামে এক ব্যক্তি।এসময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। তার বাড়ি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে।

অন্যদিকে নিয়ামতপুর উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে দুজন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিয়ামতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, উপজেলার হাজিনগর ইউনিয়নে ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি খাসের হাট উঠাপাড়ায় বলে জানা গেলেও নাম জানা যায়নি।

অপরদিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে ধান কেটে ঘরে নেওয়ার সময় বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত নামে এক ব্যক্তির মৃত্যু হয়।লালমনিরহাট
জেলার কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতের আঘাতে ইউসুফ আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

দুপুরের দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ওই এলাকার আরব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে নিজের ভুট্টাক্ষেতে কাজ করছিলেন ইউসুফ। দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে সংগৃহীত ভুট্টা নিয়ে বাড়িতে ফিরছিলেন। কিছুক্ষণ পর পুনরায় ভুট্টাক্ষেতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।বজ্রপাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. স্বর্ণা আহমেদ।

কুড়িগ্রাম
জেলার নাগেশ্বরী উপজেলার বদিজামালপুর গ্রামে দুপুরে বজ্রপাতে মো. ওবাইদুল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত ওবাইদুল ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুল হকের ছেলে।

জানা যায়, দুপুরের দিকে ওবাইদুল নিজ জমিতে ধান কাটতে যান। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নাগেশ্বরী থানা পুলিশের ওসি আব্দুল্লাহ হীল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুর
বিকেলের দিকে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামে বজ্রপাতে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত সোহেল ওই গ্রামের শুকুর মামুদের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির আগ মুহূর্তে এলাকায় হঠাৎ করে তীব্র বাতাস ও বজ্রপাত শুরু হয়। এ সময় সোহেল বাড়ির পাশের ভুট্টাক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর ঘটনাটি জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাটোর
দুপুরের দিকে জেলার লালপুর উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে বজ্রপাতে মো. আজিজ মণ্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত আজিজ মণ্ডল ওই গ্রামের মসলেম মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আজিজ মণ্ডল মঙ্গলবার সকাল থেকে নিজ জমিতে কাজ করছিলেন।বুধবারের দুপুরের দিকে বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। এতে তার শরীরের বাম পাশের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ns coll

  • শেয়ার করুন