গ্রামবাসীর হামলায় ইউএনও ও ওসিসহ আহত ১৫

প্রকাশিত: মে ১৩, ২০২৬

  • শেয়ার করুন

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানকালে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর গ্রামবাসী হামলা করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলমসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসরা ১০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছুড়েছে।

আহতদের মধ্যে আরও রয়েছেন-ইউএনওর নিরাপত্তায় নিয়োজিত চার আনসার সদস্য এপিসি সালাহ উদ্দিন, নুর মোহাম্মদ-১, নুর মোহাম্মদ-২ ও খোরশেদ আলম। এছাড়া ইউএনও অফিসের স্টাফ আব্দুল ওহাব জুয়েল, ইউএনও’র ড্রাইভার কামাল উদ্দিন, উপজেলা পরিষদের স্টাফ হারুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস স্টাফ জয়নাল আবেদীন, পৌরসভার স্টাফ সিহাব উদ্দিন, গ্রামবাসী নুর হোসেন, সুমন ত্রিপুরা, আজাদ ও আবুল হাসান। চার গ্রামবাসী রাবার বুলেটে আহত হয়েছেন। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে রামগড় ইউনিয়নের পূর্ববলিপাড়া ও দক্ষিণ লামকপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

এ সময় কিছু লোক অভিযান পরিচালনায় অংশগ্রহণকারীদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা এক-দেড়শ লোক জড়ো হয়ে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তিনি নিজেসহ ১১ জন আহত হন। ইউএনও আরও বলেন, ওই এলাকায় প্রায় ১০টি স্পটে পাম্প মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম বলেন, শতাধিক নারী ও পুরুষ একত্র হয়ে তাদের ওপর হামলা চালায়। এ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও আনসার সদস্যরা পাঁচ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

গ্রামবাসী দেলোয়ার, সুমন ও নুর হোসেন অভিযোগ করেন, প্রশাসন কৃষকদের জমিতে সেচ কাজের জন্য খালের পাড়ে রাখা চারটি পাম্প মেশিন ভেঙে ফেলে। এতে গ্রামবাসী বাধা দিলে তারা গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে। কৃষক ফারুক অভিযোগ করেন, অভিযান পরিচালনাকারীরা তার একটি সেচপাম্প মেশিন ভেঙে ফেলেছে। একইভাবে কিবরিয়া ও বশর নামে তিন কৃষকের সেচপাম্প মেশিনও ভাঙা হয়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম কৃষকদের সেচপাম্প মেশিন ধ্বংস করার অভিযোগ অস্বীকার করেন।
ns coll

  • শেয়ার করুন