রামিশা হত্যা ‘বিচার এমনভাবে হওয়া উচিত, যেন অপরাধ করার আগে রুহ কাঁপে’

প্রকাশিত: মে ২১, ২০২৬

  • শেয়ার করুন

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডে পুরো দেশজুড়ে তৈরি হয়েছে শোক, আতঙ্ক আর ক্ষোভের আবহ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। নিজের ফেসবুক পোস্টে তিনি দেশের বিচার ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান। অভিনেতার মনে করেন, শুধু গ্রেপ্তার দেখিয়ে মানুষকে আশ্বস্ত করার দিন শেষ হওয়া উচিত। বিচার এমন হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহসই না পায়।নিজের পোস্টে তিনি লেখেন, সম্ভবত এই মুহূর্তে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হলো বাংলাদেশ! শুধু গ্রেপ্তার করে সান্ত্বনা দেবেন আর বিচারের কোনো নাম নেই, এই সার্কাস আর কত দিন?

শুধু ক্ষোভ প্রকাশেই থেমে থাকেননি তিনি। অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আরও লেখেন, বিচার এমনভাবে করা উচিত যাতে এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর রুহ কাঁপে…।

পোস্টের একপর্যায়ে তিনি দেশের প্রধানমন্ত্রীর প্রতিও আহ্বান জানান। একজন বাবার অনুভূতির জায়গা থেকে দেশের সব অভিভাবকের ভয় ও নিরাপত্তাহীনতার বিষয়টি উপলব্ধি করার অনুরোধ করেন অভিনেতা।প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নির্যাতনের ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই শিশুটিকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে দেহের অংশ বিচ্ছিন্ন করা হয় বলেও সন্দেহ করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে যৌন নির্যাতন বা ধর্ষণের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে। এদিকে এই নির্মম হত্যাকাণ্ড ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিশু ও নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। একই সঙ্গে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবিও জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে।
ns coll

  • শেয়ার করুন