প্রকাশিত: জুন ৭, ২০২৬
খুলনা বিভাগীয় ট্রাক ইউনিয়নের (রেজি: নং-৬২২) সদস্য শেখ সোহেল বাশার ইউনিয়নে অনিয়ম, নির্বাচন বিলম্ব এবং ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগ এনে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
সম্প্রতি দাখিল করা এক আবেদনপত্রে তিনি অভিযোগ করেন, ২০২৩ সালে ইউনিয়নের সভাপতির নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন।
তার দাবি, তৎকালীন রাজনৈতিক প্রভাব ও স্থানীয় কয়েকজন নেতার হস্তক্ষেপে নির্বাচনের ফলাফল প্রভাবিত হয়েছিল। এছাড়া তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের সহায়তায় ভোট কারচুপির মাধ্যমে তাকে হারানো হয়।

আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, ইউনিয়নের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়নি। বরং কিছু প্রভাবশালী নেতা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে বর্তমান অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
শেখ সোহেল বাশার জানান, তার ইউনিয়ন সদস্যপদ কার্ডও অভিযোগের ভিত্তিতে কোনো নোটিশ ছাড়াই স্থগিত করা হয়েছে। তিনি কার্ড পুনর্বহাল, অভিযোগের তদন্ত এবং দ্রুত নতুন নির্বাচনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।