অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ছয় মাসের জেল, চাকরিতেও বরখাস্ত

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬

  • শেয়ার করুন

জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত একটি নিয়োগ পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর হয়ে প্রক্সি (বদলি) পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন গত ২৯ জুলাই এ সংক্রান্ত আদেশ জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

জানা গেছে, গত ২০ জুন জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে জারিকারক পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অন্য একজন পরীক্ষার্থীর পরিবর্তে অংশ নিতে গিয়ে ঢাকায় আটক হন জুয়েল রানা। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের সংক্ষিপ্ত বিচার আদালত (লালবাগ বিভাগ, ডিএমপি) তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. মোকাদ্দেস ইবনে সালাম জানান, জুয়েল রানা গত ২০ জুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলামের কাছ থেকে তিন দিনের নৈমিত্তিক ছুটি নিয়েছিলেন। তবে ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় গত ১৪ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। তিনি ওই নোটিশেরও কোনো জবাব দেননি।

পরে বিদ্যালয় কর্তৃপক্ষ নির্ভরযোগ্য সূত্রে জানতে পারে, জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তিনি আটক হয়ে কারাগারে রয়েছেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর উপজেলা শিক্ষা অফিসে যোগদান করতে গেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাকে সাময়িক বরখাস্ত করেন।
ns coll

  • শেয়ার করুন