বগুড়ায় রাতের আঁধারে কৃষকের ফলভর্তি ৭০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

প্রকাশিত: আগস্ট ২, ২০২৬

  • শেয়ার করুন

বগুড়ার মোকামতলা উপজেলায় মোহাব্বত আলী (৫০) নামে এক কৃষকের প্রায় ৩ বিঘা জমির ৭০০ গাছের অপরিপক্ব কলাগাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) এ ঘটনায় শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে শিবগঞ্জ ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ভুক্তভোগী ওই কৃষকের বর্গাকৃত ৮৯ শতাংশ জমিতে থাকা অপরিপক্ক কলা কেটে জমিতেই ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুরো ক্ষেতজুড়ে কাটা অপরিপক্ব কলার কাঁদি ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। এ ঘটনায় কৃষক মোহাব্বত আলী একই এলাকার মৃত মোজাম আলীর ছেলে বুলু মিয়াসহ (৫৫) সাতজনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী কৃষক মোহাব্বত আলীর দাবি, পূর্ব শত্রুতার জেরে বুলু মিয়া, খাজা মিয়াসহ ৭-৮ জন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় রাতের আঁধারে তার প্রায় ৭০০টি কলাগাছ কেটে ক্ষতি করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বুলু মিয়া ও খাজা মিয়া বলেন, আমরা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। তারা নিজেরাই কলাগাছ কেটে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন বলেন, কৃষকের ৭০০ কলাগাছ কেটে দেওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ns call

  • শেয়ার করুন