প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬
খুলনায় ছেলে ধরা সন্দেহে রাজু শিকদার (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে রায়ের মহল এলাকায় রাজু শিকদার একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনের মধ্যে তাকে ‘ছেলেধরা’ সন্দেহ হয়। একপর্যায়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে তাকে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
মারধরের একপর্যায়ে রাজু গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজু শিকদার (২৫) খুলনার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তবে তিনি কী কারণে রায়ের মহল এলাকায় এসেছিলেন এবং শিশুটিকে কোথায় নিয়ে যাচ্ছিলেন—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।