নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬

  • শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ‘অশালীন বক্তব্য’ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণার কথা জানান চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

সমাবেশে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিরোধী পক্ষের প্রতি গঠনমূলক সমালোচনা এবং শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জামায়াতকে প্রত্যাখ্যান করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদপুরের কোনো এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।
ns coll

  • শেয়ার করুন