প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬
চট্টগ্রামের ভূজপুরে ভক্তের পরিচয়ে মন্দিরে প্রবেশ করে পিতলের ত্রিশূল ও দানবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগে নয়ন চন্দ্র নাথ ওরফে নয়ন দেবনাথ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি খণ্ডিত ত্রিশূল উদ্ধার করা হয়েছে। পরে সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার নয়ন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর কৈয়ারবিল এলাকার সুনীল চন্দ্র নাথের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে ভূজপুর থানার গহিন পাহাড়ি এলাকায় অবস্থিত শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দির থেকে একটি পিতলের ত্রিশূল নিয়ে যাওয়ার পাশাপাশি দানবাক্স ভেঙে আনুমানিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা চুরি করে।
ঘটনার পর মন্দির পরিচালনা কমিটির সদস্যরা পুলিশকে বিষয়টি জানান। একই সঙ্গে মন্দিরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে পুলিশের প্রতি অসন্তোষও প্রকাশ করেন তারা। পরে জেলা পুলিশের তদারকিতে চোর শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়।
অভিযানের একপর্যায়ে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে নয়ন চন্দ্র নাথকে আটক করা হয়। তার কাছ থেকে মন্দির থেকে চুরি যাওয়া খণ্ডিত ত্রিশূলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের এসপি মাসুদ আলম বলেন, মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে জেলা পুলিশকে বিষয়টি জানানো হলে দ্রুত অভিযানে নামে পুলিশ। পরে সীতাকুণ্ড এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। যেহেতু তাকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাই সেখানকার থানাতেই মামলাটি করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন চন্দ্র নাথ মন্দিরে চুরির বিষয়টি স্বীকার করেছেন। ভক্ত সেজে মন্দিরে প্রবেশের পর সুযোগ বুঝে তিনি ত্রিশূল ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে যান বলে পুলিশের কাছে জানিয়েছেন। এর আগেও ওই মন্দিরে চুরির সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মামলার বাদী শিমুল কুমার নাথ জানান, চুরি হওয়া ত্রিশূলটি পিতলের তৈরি এবং এর আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৪৫ হাজার টাকা। রোববার ব্রাহ্মণ পূজা শেষ করে চলে যাওয়ার পর দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যবর্তী সময়ে চুরির ঘটনাটি ঘটে। পরে তারা ভূজপুর থানায় বিষয়টি জানান।পুলিশের এক কর্মকর্তা জানান, চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে মন্দিরের লোকজন পুলিশের কাছে অসন্তোষ প্রকাশ করলেও অভিযুক্তকে গ্রেপ্তারের পর তারা প্রথমদিকে মামলা করতে আগ্রহী ছিলেন না। পরে পুলিশের অনুরোধে মামলা দায়ের করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলাটি করেছেন। ওই মামলায় নয়নকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ns coll