পশ্চিমবঙ্গে নতুন নিয়ম: রাস্তায় পানের পিক-থুতু ফেললেই শাস্তি!

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬

  • শেয়ার করুন

রাস্তায় যেখানে-সেখানে পানের পিক, থুতু কিংবা ময়লা ফেললে এবার থেকে জরিমানা দিতে হবে পশ্চিমবঙ্গে। একই সঙ্গে রাস্তা ও ফুটপাতে প্লাস্টিক ফেলার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে এসব নির্দেশনা কার্যকর হয়েছে।
গত ৭ জুন উত্তরবঙ্গ সফরের সময় শিলিগুড়ি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন উপমুখ্যমন্ত্রী ও পৌর-নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে শহর পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়টি সাংবাদিকদের জানান তিনি।

অগ্নিমিত্রা পাল বলেন, রাস্তায় যেখানে-সেখানে ময়লা বা পানের পিক ফেলা যাবে না। কেউ রাস্তা নোংরা করলে তাকে জরিমানা করা হবে। একইভাবে রাস্তায় ময়লা প্লাস্টিক ফেলাও নিষিদ্ধ করা হয়েছে। নাগরিকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, শপিংমলে মানুষ নিয়ম মেনে চললেও রাস্তায় নামলেই কেন সেই শৃঙ্খলা থাকে না।

তবে নতুন নিয়ম কার্যকরের পরপরই বড় ধরনের জরিমানা শুরু না করে নাগরিকদের সচেতন হওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে। পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রথম তিন মাস সচেতনতামূলক প্রচার চালানো হবে। এই সময়ের পরও কেউ প্রকাশ্যে থুতু বা পানের পিক ফেললে বড় অঙ্কের জরিমানা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।শহর পরিষ্কার রাখতে এরই মধ্যে ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করেছে বিজেপি সরকার। কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখলে নাগরিকদের ছবি তুলে অ্যাপে আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ওই স্থান পরিষ্কার করবে। সমস্যার সমাধান হলে অভিযোগকারী ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা ব্যক্তিকেও অ্যাপের মাধ্যমে বিষয়টি জানানো হবে।পশ্চিমবঙ্গে বর্তমানে কার্যকর আইন অনুযায়ী, রাস্তায় থুতু ফেললে সর্বোচ্চ সাধারণ জরিমানা ৫০০ টাকা। এর পাশাপাশি শহরগুলোকে পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত রাখতে সম্প্রতি পৌর ও নগর উন্নয়ন দপ্তর ২৪ দফা নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় যত্রতত্র থুতু ও আবর্জনা না ফেলার পাশাপাশি খোলা অবস্থায় বর্জ্যবাহী যান চলাচল বন্ধের কথা বলা হয়েছে। মন্দিরের ফুলও যেখানে-সেখানে ফেলা যাবে না। একই সঙ্গে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের ১১৯টি পৌরসভা, সাতটি মিউনিসিপ্যাল করপোরেশন এবং দুটি নোটিফায়েড এরিয়া অথরিটির আওতাধীন এলাকায় এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে।
Ns coll

  • শেয়ার করুন