নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬

  • শেয়ার করুন

ভোলায় মেঘনা নদীর পাড় ধসে নিখোঁজের ৩ দিনের মাথায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মো. আমজাদের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মেঘনায় নিখোঁজ হওয়া ২ বন্ধুরই মরদেহ উদ্ধার হলো।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর মিজানের চরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমজাদ ভোলা পৌরসভার কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা ইব্রাহিমের ছেলে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রোমায় কর্মরত ছিলেন।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার ‘গরিবের দুবাই’ খ্যাত মেঘনা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সনাতন চন্দ্র সরকার ঢাকা পোস্টকে বলেন, জেলে ও স্থানীয়রা চরে মরদেহটি দেখতে পেয়ে নৌপুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।

পরবর্তীতে মরদেহটি মেঘনা নদীতে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের বলে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ns coll

  • শেয়ার করুন