নেতানিয়াহুর ভাষণ চলাকালে জাতিসংঘের বাইরে বিক্ষোভ, হলিউড তারকাসহ গ্রেপ্তার শতাধিক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬

  • শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের বাইরে বিক্ষোভ করেছেন অভিনেতা, রাজনীতিকসহ শতাধিক মানুষ। এ সময় অন্তত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ওই বিক্ষোভে গ্রেফতার হওয়াদের মধ্যে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন, এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবাইন্ডার, ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য পদপ্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসে ছিলেন।

ইহুদি অধিকারকর্মীদের সংগঠন জিউইশ ভয়েস ফর পিসের আয়োজনে বিক্ষোভে প্রায় ২০০ মানুষ অংশ নেন। তাদের পরনে ছিল একই ধরনের সাদা টি-শার্ট। এতে লেখা ছিল—‘বোমার বদলে মানুষকে অর্থ দিন’, ‘যুদ্ধ নয়’ এবং ‘ফিলিস্তিনকে মুক্ত করো’।

বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ মাইকে তাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। পরে কয়েকজন ফুটপাতে চলে গেলেও মূল একটি দল সড়কে বসে নেতানিয়াহুবিরোধী স্লোগান দিতে থাকে। একপর্যায়ে সাইকেলে করে আসা পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ঘিরে ফেলেন।

বিক্ষোভে অংশ নেওয়া ইরানি ও ইহুদি বংশোদ্ভূত ৫০ বছর বয়সি বিশ্ববিদ্যালয় শিক্ষক মানিজেহ মোরাদিয়ান বলেন, ‘গাজায় যা করা হচ্ছে, একটি পুরো সমাজকে ধ্বংস করা হচ্ছে—আমাদের নামে, আমাদের করের অর্থে। এর বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। এসব কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য জাতিসংঘের মঞ্চ ব্যবহারের অধিকার নেতানিয়াহুর নেই।’

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরায়েলের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান তুলে ধরেন নেতানিয়াহু। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমবর্ধমান চাপ ও বিচ্ছিন্নতার মুখে পড়ার প্রেক্ষাপটে তিনি তার বক্তব্য দেন। তার ভাষণের সময় সাধারণ পরিষদের হল থেকে বহু দেশের প্রতিনিধি বেরিয়ে যান।

বিক্ষোভকারীদের অভিযোগ, গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন। অন্যদিকে ভাষণে ইসরায়েলের পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেন নেতানিয়াহু।

  • শেয়ার করুন