নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় ফাঁকা গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। উভয়পক্ষের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করা হয়েছে একটি মোটরসাইকেলে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ১৫/২০জন বরপা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করে। এসময় তারাবো পৌরসভার ৬নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভুঁইয়া মিছিলে বাঁধা দিলে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার সাথে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এসময় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ৪-৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। আশপাশের ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়। এতে বাঁধা দিতে এলে ইয়ার হোসেনসহ ৩ জনকে আহত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেলের আগুনে পোড়া অংশ উদ্ধার করে।

এ ঘটনায় আরজু ভুঁইয়া বাদী হয়ে ১২জনকে নামীয় ও অজ্ঞাত ৩/৪জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
ns coll

  • শেয়ার করুন