দুই সপ্তাহের ব্যবধানে দুবার খুলনা যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬

  • শেয়ার করুন

দুই সপ্তাহের ব্যবধানে দুবার খুলনা সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) মোংলার আকরাম পয়েন্টে প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনাল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশে এলাকাটি পরিদর্শন করবেন তিনি। এরপর আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম খুলনা সফর। ২২ অক্টোবর তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান হয়ে আকরাম পয়েন্টে যাবেন বলে সম্ভাব্য সফরসূচিতে উল্লেখ রয়েছে। এই সফরের মূল উদ্দেশ্য, সেখানে এলএনজি আমদানি ও পুনঃগ্যাসীকরণের অবকাঠামো স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখা।

ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে জাহাজে আনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ করা হয়। পরে তা আবার গ্যাসীয় অবস্থায় ফিরিয়ে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয়। দক্ষিণ-পশ্চিম উপকূলে এমন টার্মিনাল স্থাপন করে এলএনজি গ্রহণ ও গ্যাস সরবরাহের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তবে আকরাম পয়েন্টে প্রকল্পের চূড়ান্ত অনুমোদন, বিনিয়োগ, নির্মাণ শুরুর সময় কিংবা গ্যাস সরবরাহের নির্দিষ্ট সময়সূচি এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরিদর্শন হবে প্রকল্পের উপযোগিতা যাচাইয়ের অংশ।

প্রধানমন্ত্রীর আগমন সামনে রেখে শুক্রবার (১৬ অক্টোবর) দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। এ সময় খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান স্কুল মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। তবে দাকোপে প্রধানমন্ত্রীর কোনো প্রশাসনিক কিংবা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

দাকোপ ও বটিয়াঘাটা নেয়া গঠিত খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, প্রধানমন্ত্রী দাকোপের নলিয়ানে আসছেন ২২ অক্টোবর। এটা সরকারি সফর। স্থানীয় কোনো পোগ্রাম হবে না। তবুও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আমরা এবং প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। এখানকার মানুষ প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।অন্যদিকে আগামী ৫ নভেম্বর বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে গত ১২ অক্টোবর খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে সরকারি দফতরগুলোর প্রস্তুতি ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হয়। কর্মকর্তাদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি গ্রহণের প্রবণতা কমানোর নির্দেশনাও দেয়া হয়।
ns coll

  • শেয়ার করুন