প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান আজ রোববার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। একইসঙ্গে বিচার না হলে ঢাকা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেন তারা।
বিবৃতিতে বলা হয়, অপূর্ব পাল নিজেই তার ফেসবুক প্রোফাইলে কোরআন অবমাননার ভিডিও প্রচার করে অপরাধকে আরো স্পষ্ট করেছেন। এতে বোঝা যায়, কাজটি তিনি সজ্ঞানে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন। তারা অভিযোগ করেন, এ ঘটনায় দেশি-বিদেশি কোনো মহলের সম্পৃক্ততা থাকলে সরকারকে তা খুঁজে বের করতে হবে।
হেফাজত নেতারা বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এর আগে ক্লাসে হাদিস উদ্ধৃত করার কারণে এ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছিল। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও এ ঘটনার ব্যাখ্যা দিতে হবে।”
বিবৃতিতে আরও বলা হয়, ইসলাম ও রাসূল (সা.)-এর অবমাননার ঘটনায় অতীতেও ন্যায়বিচারের আশায় ধৈর্য ধরা হয়েছে। কিন্তু রাখাল রাহা ও কবি সোহেল হাসান গালিবসহ ধর্ম অবমাননাকারীদের বিচার না হওয়ায় জনগণ প্রতারিত হয়েছে। এবার আর ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা।
তারা বলেন, “ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ শান্তির আইন প্রণয়ন করতে হবে। সরকার যদি কোরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করে, তবে দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ঢাকা অভিমুখে লং মার্চের ডাক দেওয়া হবে।”