জামায়াত নেতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকার দোহার-নবাবগঞ্জে জামায়াত নেতা ও মাদরাসা অধ্যক্ষ মোহাম্মদ আলীর বিরুদ্ধে যৌন হয়রানি এবং দেশের বিভিন্ন ধর্ষণ মামলার বিচার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে নবাবগঞ্জ কোর্ট বিল্ডিং থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। দোহার-নবাবগঞ্জ নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে, নবাবগঞ্জ আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ ও জামায়াত নেতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়। গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে ওই শিক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, তার মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করা হচ্ছিল। তিনি দ্রুত অধ্যক্ষকে পদচ্যুত করার দাবি জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অন্যদিকে, জামায়াত নেতারা অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তবে এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো পদক্ষেপ নেয়নি জামায়াত।

  • শেয়ার করুন