প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন পরবর্তী সংকট আরও জটিল আকার ধারণ করেছে। নবনির্বাচিত কমিটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এবং নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকার প্রভাবশালী বেশ কয়েকটি ক্লাব।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার ব্যানারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ প্রায় ৪০টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাসুদুজ্জামান বলেন, “৬ অক্টোবরের নির্বাচন কারচুপির সব সীমা ছাড়িয়েছে। আমরা এই নির্বাচন মেনে নিচ্ছি না। আমাদের দৃষ্টিতে নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবৈধ। ক্রিকেটের সৌন্দর্য বিনষ্ট হয়েছে, তাই আমরা ঘোষণা দিচ্ছি—প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে সব স্তরের লিগে অংশ নেব না। আপাতত ক্রিকেট বন্ধ থাকবে।”
তিনি আরও জানান, সামনে ফেডারেশন ক্রিকেট লিগসহ দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশনের খেলা থাকলেও তারা বর্জন করবেন। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “কোনো ক্লাবকে হুমকি বা ষড়যন্ত্রের ফাঁদে ফেললে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব।”
এর আগে, নির্বাচনকে সামনে রেখে ক্লাবগুলো তিন দফা দাবি জানিয়েছিল। এর মধ্যে ছিল নির্বাচন পুনঃতফসিল অথবা অ্যাডহক কমিটি গঠন করে নতুন ভোটগ্রহণের প্রস্তাব। এ দাবিতে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি জমা দিয়েছিল। তবে দাবি উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবার কঠোর অবস্থান নিয়েছে ক্লাবগুলো।
ঘরোয়া ক্রিকেট বর্জনের এ ঘোষণায় দেশের ক্রিকেটে বড় ধরনের অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।