নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫

  • শেয়ার করুন

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নামাজগ্রামে মাদকাসক্ত ছেলের হামলায় নিহত হয়েছেন প্রবাসী নিজাম প্রামানিক (৬০)। রোববার (২ নভেম্বর) রাত ৮টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আতিক প্রামানিককে (৩৫) পুলিশ আটক করেছে।

নিহত নিজাম প্রামানিক ওই এলাকার মৃত ইব্রাহিম প্রামানিকের ছেলে। তিনি কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে কয়েক বছর আগে দেশে ফিরে আসেন। জীবিকা নির্বাহের পাশাপাশি কৃষিকাজ করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত আতিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে রাতের খাবারের পর নিজাম প্রামানিককে ডেকে ঘর থেকে বের করে আনে আতিক। এরপর পাশে থাকা একটি রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের দরজা আটকে রাখেন তিনি।

পরে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা ঘরে প্রবেশ করে নিজাম প্রামানিকের নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত আতিককে আটক করে পুলিশ সদর থানায় নিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিক হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বড় ছেলে মিজানুর রহমান জানান, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে আতিকের মাদকাসক্ত আচরণের কারণে দুঃচিন্তায় ছিলেন। প্রায়ই সে টাকা চেয়ে না পেলে বাড়িতে অশান্তি করত। এর আগেও মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে হত্যার হুমকি দিয়েছিল।’

তিনি আরও অভিযোগ করেন, ‘রবিবার রাতেও বাবার কাছ থেকে টাকা না পেয়ে সে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, “ঘটনাটি পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • শেয়ার করুন