খুলনা থেকে বাগেরহাটে বেড়াতে গিয়ে তিন তরুণী শ্লীলতাহানি, একজন ধর্ষণের শিকার, চার যুবকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫

  • শেয়ার করুন

বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে এসে তিন বান্ধবী শ্লীলতাহানি ও ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একদিন পর রোববার (২৩ নভেম্বর) একজন (ভিকটিম) মোল্লাহাট থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকেলে খুলনা থেকে এক তরুণী তার আরও দুই বান্ধবীকে নিয়ে মোল্লাহাটের রাজপাট গ্রামে ফুফুর বাড়ি বেড়াতে আসেন। কিছুক্ষণ পর তারা ব্যাগ রেখে গ্রামের অভ্যন্তরে ঘুরতে বের হন। হাঁটতে হাঁটতে সন্ধ্যায় তারা নাশুখালী গ্রামের জনৈক মজিবর রহমানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় উঠেন। এ সময় চার যুবক সেখানে উপস্থিত হয়ে তাদের পরিচয় জানতে চান। তিন বান্ধবী নিজেদের পরিচয় ও বেড়াতে আসার কথা জানালে যুবকরা তাদের প্রতি কুপ্রস্তাব দেয়। তারা রাজি না হওয়ায় চার যুবক জোরপূর্বক তাদের শ্লীলতাহানি করে।

একপর্যায়ে এক তরুণী ছুটে নিচে নেমে চিৎকার শুরু করলে যুবকরা দুইজনকে মুখ চেপে ধরে ভবন থেকে নিচে নামিয়ে খানিকটা দূরে একটি মৎস্য ঘেরে নিয়ে যায়। সেখানে ঘেরের একটি ঘরে তাদের মধ্যে একজনকে ধর্ষণ এবং অন্যজনকে শ্লীলতাহানি করা হয়।

এদিকে, প্রথমে ছুটে আসা তরুণীর চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে মৎস্য ঘের থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়। তখন লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত যুবকরা সেখান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. ফজলুল হক জানান, তিন বান্ধবীকে নির্যাতন ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • শেয়ার করুন