জিয়ার জানাজায় গেছি, খালেদা জিয়ার জানাজায় না আসলে আফসোস থাকত’, ১১০ বছরের বৃদ্ধ আব্দুর রশিদ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬

  • শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মাদারীপ‌ু‌রের কালকিনি উপজেলা থেকে ঢাকায় এসেছেন ১১০ বছরের বৃদ্ধ মৌলভী আব্দুর রশিদ।

জানাজায় অংশ নেয়া মৌলভী আব্দুর রশিদ জানান, আমি জিয়াউর রহমানের ভক্ত ছিলাম। তার দেশপ্রেমে আমি মুগ্ধ হতাম। জিয়ার মৃত্যুর পর আমি তার জানাজায়ও অংশগ্রহণ করেছিলাম। তখনও লাখ লাখ মানুষ হয়েছিল। জিয়ার মৃত্যুর পর তার দেশপ্রেম দেখেছি খালেদা জিয়ার মধ্যে। তিনি কখনও নৈতিকতাকে বিসর্জন দেননি। খালেদা জিয়ার জানাজায় অংশ গ্রহণ না করতে পারলে আফসোস থেকে যেত। তাই এ শরীর নিয়েও চলে এসেছি। আমি তার জান্নাত কামনা করছি।

নিজের বয়স ১১০ বছর উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া হাজারও জেল-জুলুম অত্যাচারের শিকার হয়েও কখনও আপস করেননি। তার মতো নেত্রী বাংলাদেশের মাটিতে আর জন্ম নেবে বলে মনে হয় না। বাংলাদেশ খাঁটি একজন দেশপ্রেমিক হারালো।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজায় ইমামতি করেন।

এদিকে, জানাজা ঘিরে জনসমুদ্রে পরিণত হয় পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা। জাতীয় সংসদের মূল মাঠ দুটি কানায় কানায় পূর্ণ হয়ে একদিকে বিজয় সরণি ও আগারগাঁও এবং অন্যদিকে কারওয়ান বাজার পর্যন্ত মানুষের ঢল নামে।

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া।

  • শেয়ার করুন