প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয় লক্ষ্য করে হামলা করা হয়।
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল জানান, ভোর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের জানালার গ্লাস ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভেতরে থাকা সব মালামাল সহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের ছবি পুড়ে যায়। এই ঘটনায় আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, রাতের আঁধারে আমাদের কার্যালয়ে হামলা করে বিএনপিকে ভয়ভীতি দেখানোর দুঃসাহস দেখানো হয়েছে। নবনির্বাচিত এমপি দিপু ভুঁইয়ার বিজয়কে যারা মেনে নিতে পারেনি, তারা এই হামলায় জড়িত থাকতে পারে। তবে রূপগঞ্জ উপজেলা বিএনপির লোকজনকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। যারা পরাজিত হয়েছে, তারা ষড়যন্ত্র করবে আমরা তাদের উসকানিতে পা দেব না।
ঘটনাস্থলের পাশের একটি উন্নয়ন কাজের প্রহরী মোহাম্মদ খলিল জানিয়েছেন, ফজরের নামাজের আগে অজ্ঞাত এক ব্যক্তি তাকে বের হলে মারধর করার হুমকি দেন। পরে তিনি দেখতে পান আগুন লেগেছে।
রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ns coll