তারাবির নামাজে স্বামী, বাড়িতে ডাকাতের হানায় প্রাণ গেলো স্ত্রীর

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬

  • শেয়ার করুন

রাজধানীর তুরাগের এক বাসায় ডাকাতদের হামলায় রেজিনা মমতাজ (৬৬) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) রাতে তারাবির নামাজ চলাকালে এ ঘটনা ঘটে। ওই বাসা থেকে সোনার গহনা ও টাকা লুট করা হয়েছে বলে জানিয়েছে পরিবার।

ভুক্তভোগীর স্বজনরা জানান, রেজিনা মমতাজের স্বামী তারাবির নামাজ পড়তে গেলে ডাকাতরা ঘরে প্রবেশ করে। এরপর মমতাজকে বেঁধে, স্কচটেপ দিয়ে মুখ বেঁধে বাসা থেকে জিনিসপত্র লুট করে।

নিহতের ছেলে রয়সুল আলম জানান, বাসাটিতে তার বাবা ও মা দুজন থাকতেন। তারাবির নামাজ চলাকালে বাসায় তার মা একাই ছিলেন। বাবা মসজিদে ছিলেন। নামাজ শেষে বাসায় এসে দেখেন পুরা বাসার তছনছ করা এবং মাকে বেঁধে রাখা হয়েছে। মাকে উদ্ধার করে দ্রুত ঢাকা স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার অপূর্ব দত্ত বলেন, তুরাগের ১৫ নম্বর সেক্টরের ই-ব্লকের চার নম্বর সড়কের ১৫ নম্বর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

  • শেয়ার করুন