মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়িপেটায় প্রাণ গেল জামায়াতকর্মীর

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬

  • শেয়ার করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়িপেটায় মো. শাহাদাত (৩০) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহাদাত সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে। তিনি চার সন্তানের জনক।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহাদাতের একটি চায়ের দোকান রয়েছে। রাতে তিনি নিজের দোকানে বসে ছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ১৫ সদস্যের একদল মুখোশধারী সন্ত্রাসী দোকানে ঢুকে শাহাদাতের মাথায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে আজ ভোরে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মোবারক হোসেনের দাবি, কয়েক মাস আগে যৌথ বাহিনীর হাতে ধরা পড়া এক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর লোকজন শাহাদাতকে সন্দেহ করত। সেই শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

  • শেয়ার করুন