প্রকাশিত: মে ২৩, ২০২৬
খুলনার দাকোপ উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার জেরে র্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় তাদের র্যাবের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার চালনা আচাভুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে র্যাব সদস্যদের থানায় নিয়ে আসে।
ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন- মুকুন্দ মণ্ডল ও রসুল গাজী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পানখালী ইউনিয়নের খোনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের বাইরে প্রায় ৪০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ ফকির, বাবলু সানা ও সাজ্জাদ হোসেন সরদার মাছ চাষ করে আসছিলেন।
সম্প্রতি ওই ঘেরের দখল নিয়ে স্থানীয় মুকুন্দ মণ্ডল, বাচ্চু ফকির ও রসুল গাজীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
এর জেরে গত ১৬ মে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে জসিম মোল্যা (৩২), হাফিজুর মোল্যা (৪০), আবু মুসা শেখ (৩১), জাফর সরদার (৩১) ও সাজ্জাদ হোসেন সরদার (৫৪) গুরুতর আহত হন। তাদের দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আকরাম আলী ফকির বাদী হয়ে বাচ্চু ফকিরসহ ১১ জনের বিরুদ্ধে গত ২১ মে থানায় মামলা দায়ের করেন।
এদিকে মামলাকে হয়রানিমূলক দাবি করে শনিবার সকাল থেকে খোনা, খাটাইল ও তেলিডাঙ্গা গ্রামের কয়েকশ নারী-পুরুষ আচাভুয়া বাজারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় র্যাব-৬ এর একটি দল মামলার এজাহারভুক্ত আসামি মুকুন্দ মণ্ডল ও রসুল গাজীকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক দুজনকে গাড়িতে তুলে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা র্যাবের গাড়ি ঘিরে ফেলে। এক পর্যায়ে উত্তেজিত জনতা গাড়িতে হামলা চালিয়ে আটকদের ছিনিয়ে নেয়। এ সময় র্যাবের গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার জানান, বিক্ষোভ চলাকালে র্যাব দুজনকে আটক করেছিল। পরে বিক্ষোভকারীরা তাদের ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে র্যাব সদস্যদের থানায় নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।
ঘটনার পর উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন স্থানীয় বিএনপি নেতারা। সেখানে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন ও সদস্য সচিব আল-আমিন সানা অভিযোগ করেন, সরকারি ও সংখ্যালঘু সম্প্রদায়ের বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
তারা দাবি করেন, আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি। তবে মিছিল থেকে লোক আটক করায় উত্তেজনা তৈরি হয়।
সন্ধ্যায় স্থানীয় একাধিক সূত্র জানায়, ছিনিয়ে নেওয়া দুই আসামিকে বিএনপি নেতাদের মধ্যস্থতায় র্যাবের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ns coll