শিরোনাম:”চরুই ভাতি”লেখিকা: “কুলসুম আক্তার”

প্রকাশিত: মে ৩০, ২০২৬

  • শেয়ার করুন

শিরোনাম:চরুই ভাতি
লেখিকা: কুলসুম আক্তার

চরুই ভাতির ভাত ফুরোয় না
স্বপ্নের মতো পাত ফুরোয় না।
দু মুঠো চাল হয় এক মণ
খেয়ে চলে যায় বাড়তি কতজন

চুপিচুপি চলে রান্নার কাজ
ছোট ছোট হৃদয়ে আনন্দের সাজ
পাছে যদি মা জেনে যায়!
তখন সবের হবে কি উপায়।

উনুন যেন জ্বলতে চায়না,
পাতা কুঁড়াতে সবার বায়না।
নিভু নিভু জ্বালে বাতাসের হাসি
পাতার ধোঁয়ায় বেজায় কাশি।

তবুও চলবে চরুই ভাতি
যতোই কমুক কাজের গতি
এক ফাঁকে সব খালের জলে
ডুব দিয়ে আয় খাবি বলে

কলার পাতায় তৈরি মহাভোজ,
কে আর করে মাছ মাংসের খোঁজ!
এই তো রাজভোগ আধ ফোঁটা ভাত
এক দলা আলু ডিম দেয়া পাত ।

সেই বাগানে দাঁড়িয়ে আজ
বয়স বেড়েছে,বেড়েছে কাজ।
বাগানটা আছে তেমনি হেথায়
সংগীরা সব হারালো কোথায় ?

সময় সবই কেড়ে নিয়েছে
স্মৃতি আর কষ্ট রেখে গিয়েছে,
আর যদি পাই চরুই ভাতি
করবো নাকো বড় হবার মিনতি।

  • শেয়ার করুন