প্রকাশিত: জুন ৫, ২০২৬
ঝিনাইদহ সদর উপজেলার পাগলাখানা ইউনিয়নের ঝিনুক মালা আবাসন প্রকল্পে এবার সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি সংঘবদ্ধ পিটুনিতে নিহত হয়েছেন।
সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মারা যান।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ৩টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের ঝিনুক মালা আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন মাগুরার জেলার মোহম্মদপুর উপজেলার দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে।
তিনি ঝিনাইদহ শহরে রিকশ চালাতেন।
ঝিনুক মালা আবাসনের একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন তিনি।
স্থানীয়রা জানান, বিকালে আবাসনের বাসিন্দা সাত বছর বয়সী এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান বিল্লাল হোসেন। পরে ঘর থেকে শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে ছুটে যেয়ে শিশুটিকে উদ্ধার করেন।
এসময় উত্তেজিত জনতা বিল্লাল হোসেনকে সংঘবদ্ধভাবে পিটুনি দিয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে।
সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিল্লাল।
আবাসনের বাসিন্দারা জানান, এক সপ্তাহ আগে বিল্লাল হোসেন আবাসনে আসেন। এরপর তিনি একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, বিকালে নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগ এনে বিল্লাল হোসেনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটক করে চিকিৎসার জন্য ঝিনাইদহ ২৫০ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও বলেন, দুপুরে ওই ব্যক্তিকে আবাসন ও আশেপাশের উত্তেজিত লোকজন পিটুনি দিয়ে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সন্ধ্যার পরে লোকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে পাঠানো হবে।
ns coll