প্রকাশিত: জুলাই ৯, ২০২৬
লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো— ফুটবল বিশ্বের এই দ্বৈরথ চিরন্তন। মাঠের লড়াইয়ে এই দুই জাদুকর যেভাবে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন, মাঠের বাইরে তাদের ভক্তদের লড়াইটাও চলে সমানে সমান।
আর রোনালদোর সেই ভক্তকুলে সবচেয়ে বড় ও ‘উদ্ভট’ নাম মার্কিন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর ‘আইশোস্পিড’। সিআরসেভেনের অন্ধ ভক্ত হওয়ায় মেসির যেকোনো সাফল্যই স্পিডের বুকে তীরের মতো বিঁধে। চলমান বিশ্বকাপেও মেসির পিছু ছাড়েননি এই সোশ্যাল মিডিয়া সেনসেশন।
শেষ ষোলোর মিশর বনাম আর্জেন্টিনা ম্যাচে অবধারিতভাবেই মেসির প্রতিপক্ষ শিবিরে যোগ দিয়েছিলেন স্পিড।
আর্জেন্টিনার জালে মিশরের গোল দেখে গ্যালারিতে করেছেন ক্ষেপাটে উল্লাস। তবে সব ছাড়িয়ে স্পিড এখন টক অব দ্য ওয়ার্ল্ড মেসির পেনাল্টি নেওয়ার সময় তার করা অদ্ভুত সব অঙ্গভঙ্গির কারণে। ফুটবল পাড়ায় এখন রসাত্মক প্রশ্ন— স্পিডের ‘কালা জাদুতে’ই কি পেনাল্টি মিস করলেন মেসি?
ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা, মাত্র ১৫ মিনিটে গোল হজম করে বসে আলবিসেলেস্তেরা। তবে চার মিনিট পরেই পেনাল্টি পেয়ে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ আসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে।
স্পট কিক নিতে আসেন স্বয়ং লিওনেল মেসি। কিন্তু সবাইকে চমকে দিয়ে মেসির ডানদিকের নেওয়া শটটি অসামান্য দক্ষতায় রুখে দেন মিশরীয় গোলরক্ষক মোস্তফা শোবের।
মেসি পেনাল্টি মিস করার পরই ‘রহস্য ফাঁস’ করেন স্পিড। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আপলোড করা একটি ভিডিওতে দেখা যায়, মেসি যখন শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই গোলপোস্টের ঠিক পেছনের গ্যালারি থেকে উচ্চস্বরে চিৎকার শুরু করেন স্পিড। মেসির মনোযোগ পুরোপুরি নষ্ট করতে মানুষের আওয়াজ ছেড়ে অবিকল কুকুরের মতো ‘ঘেউ ঘেউ’ শব্দ করতে থাকেন তিনি, সাথে ছিল তার চেনা উদ্ভট নাচানাচি।
আর এর ঠিক পরের মুহূর্তেই গোল করতে ব্যর্থ হন এলএমটেন।
মেসি বল জালে জড়াতে না পারায় প্রথমে চরম অবাক হওয়ার ভান করেন এই ইউটিউবার। কিছুক্ষণ মুখ হাঁ করে ক্যামেরা স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে বুক ফুলিয়ে বলেন, ‘এটা কি আসলেই কাজ করেছে? ও মাই গড, এটা কি কাজ করেছে?’ এরপরই দম্ভোক্তি করে বলেন, ‘আমি মেসির মনোযোগ নষ্ট করে দিয়েছি!’ স্পিডের এমন উদ্ভট কাণ্ডে চটেছেন আর্জেন্টাইন সমর্থকেরা, নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়।
তবে একটা জায়গায় এসে আর্জেন্টিনা সমর্থকেরা স্পিডের প্রতি মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারেন। কারণ, চলতি বিশ্বকাপে স্পিড যে দলের জার্সি গায়ে জড়িয়েছেন বা যাকে সমর্থন দিয়েছেন, সেই দলই ম্যাচ হেরে মাঠ ছেড়েছে! রোনালদোর ভালোবাসায় অন্ধ স্পিড গ্রুপ পর্বে কেপ ভার্দে এবং নকআউটে মিশরের সমর্থক সেজে গ্যালারিতে এলেও দুই ম্যাচেই শেষ হাসি হেসেছেন মেসিরাই।
‘স্পিড অপয়া’র তালিকা অবশ্য এখানেই শেষ নয়। কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিলের সমর্থক হয়ে মাঠে হাজির হয়েছিলেন তিনি, আর সেদিনই বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেলেসাওরা। এমনকি নিজের প্রাণপ্রিয় ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগালের জার্সি গায়ে যেদিন গ্যালারি কাঁপালেন, সেদিনই চোখের জলে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পর্তুগালও। মজার ব্যাপার হলো, ক্রোয়েশিয়া-পর্তুগাল ম্যাচে স্পিড মাঠে না থাকার দিনই কেবল জয় পেয়েছিল রোনালদোরা। ফলে মেসির ভক্তরা এখন মনে মনে চাচ্ছেন, পরের ম্যাচেও স্পিড যেন আর্জেন্টিনার প্রতিপক্ষ দলকেই সমর্থন দেন!
ns coll