লংমার্চ থেকে ফেরার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬

  • শেয়ার করুন

সিরাজগঞ্জে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুলাল হোসেন (৬০) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দুলাল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি ও গুনেরগাঁতী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন চাল ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির পথসভায় অংশ নেন দুলাল। দুপুরে সভা শেষে বাড়িতে না গিয়ে শহরের দরগা রোডে জেলা জামায়াতের কার্যালয়ে যান। সেখানে দলের অন্য নেতাকর্মীদের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করেন। কিন্তু এশার নামাজ আদায় করার পর হঠাৎ তিনি অস্বস্তি ও বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন। পরে কার্যালয়ে থাকা নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন।

জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুলাল হোসেন আমাদের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। লংমার্চের পথসভা শেষ করে দুজন এক সঙ্গে এশার নামাজ আদায় করেছি। নামাজ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার এ মৃত্যুতে দলটির শহর শাখার আমির অধ্যাপক আব্দুল লতিফ ও সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Ns coll

  • শেয়ার করুন