প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫
পাঁচ দফা দাবিতে ইসলামী আট দলের খুলনা বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দাবিতে সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় মহানগরীর বাবরী চত্বরে (শিববাড়ি) কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়েছে।
এর আগে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দফায় দফায় সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেন।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন— খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়া খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।