নির্বাচনে একটি আসনও পাবে না জামায়াত: মহিবুল্লাহ বাবুনগরী

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫

  • শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও জামায়াতে ইসলামি একটি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, ‘জামায়াত যদি একা দাঁড়ায় সিট কেন, কচুও পাবে না।’

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এম এন অ্যাকাডেমির মাঠে স্থানীয় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত শানে রেসালাত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য বলেন।

বাবুনগরী বলেন, ‘মদিনার ইসলামই প্রকৃত ইসলাম। মদিনার ইসলাম আর মওদুদী ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম ইসলামই নয়।’

ইসলামী ঐক্যবদ্ধ আট দলীয় জোটের সমালোচনা করে তিনি বলেন, ‘মূলত এই আট দল আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন— হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কোরাইশী, খাবাশপুর মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, মুফতি ইসমাতউল্লাহ কাসেমী এবং পুরুরা মাদরাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিনসহ প্রমুখ।

  • শেয়ার করুন