গাড়িচাপায় নিহত সন্তানের ‘ক্ষতিপূরণের টাকা’ ফিরিয়ে দিলেন বাবা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬

  • শেয়ার করুন

কক্সবাজারের পেকুয়ায় কয়েকদিন আগে গাড়িচাপায় প্রাণ হারায় মো. তামিম নামে এক শিশু। তারপর স্থানীয় সালিশে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই টাকা ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছেন শিশুটির বাবা মানিক।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টাকাগুলো তিনি ফেরত দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর দুপুরে পেকুয়া উপজেলার মগনামা সাবমেরিন ঘাঁটি সড়কের চেপ্টাখালী এলাকায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় গুরুতর আহত হয় শিশু তামিম। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা গাড়িটি আটক করে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দেয়।

পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির জন্য টমটম মালিকপক্ষ মগনামা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরীর কাছে ৩০ হাজার টাকা জমা দেয়। চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা টাকাটি গ্রহণের অনুরোধ জানালেও তা নিতে অস্বীকৃতি জানান নিহতের বাবা মানিক। পরে টাকাগুলো মালিকপক্ষকে ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে নিহতের বাবা মানিক বলেন, কোটি টাকা দিলেও ছেলেকে আর ফেরত পাব না। এই টাকা নিলে মৃত ছেলের আত্মা ও নিজের বিবেকের কাছে ছোট হয়ে থাকব। বিবেকের কাছে পরিষ্কার থাকতেই টাকাটা ফেরত দিয়েছি।

মগনামা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী বলেন, সন্তান হারানোর বেদনা কোনো কিছু দিয়ে পূরণ সম্ভব নয়। মানিকের এই সিদ্ধান্ত আমাদের এক গভীর মানবিক শিক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মালিকপক্ষকে টাকা ফেরত দিয়েছি।
ns coll

  • শেয়ার করুন