প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান বলেছেন, ‘দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে সহ্য করতে পারে না।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটরিয়ামে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশে এম নাসের রহমান বলেন, ‘নির্বাচনী মাঠে আমি এত দিন বীজ বপন করেছি, আপনারা এখন ফসলের পরিচর্যা করে ভালো ফলন ঘরে তুলবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বাসা-বাড়ি থেকে সব ভোটারকে নিয়ে সেন্টারে সেন্টারে উপস্থিত করে ধানের শীষকে বিজয়ী করুন।
ধানের শীষকে বিজয়ী করে দীর্ঘ ১৮ বছরের উন্নয়নবঞ্চিত মৌলভীবাজার-রাজনগরবাসীর উন্নয়ন সুনিশ্চিত করুন।’ ছাত্রদল ও যুবদলের উদ্দেশে তিনি বলেন, ‘ইয়াং জেনারেশন যারা আছেন ভোট দিতে পারেননি—তাদের সঙ্গে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল—এরাই সবচেয়ে বেশি ইন্টারেক্ট বা যোগাযোগ বাড়িয়ে ধানের শীষের পক্ষে নিয়ে আসতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে কী কী কাজ করবে—এসব নিয়ে কথা বলতে হবে। যুবদল-ছাত্রদলের সঙ্গে বসতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে।’
জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, অ্যাড. সুনীল কুমার দাশ।
এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, এম নাসের রহমানের তনয়া আমিরা রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সচিব মোনাহিম কবীরসহ সদর উপজেলা ও রাজনগর উপজেলার ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ns coll