প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলের সঙ্গে একটি “দীর্ঘমেয়াদি সংঘর্ষের” জন্য প্রস্তুত। সংগঠনটির নেতা নাইম কাসেম বলেন, যুদ্ধক্ষেত্রে ইসরাইল “অপ্রত্যাশিত চমকের” মুখে পড়বে
একটি টেলিভিশন ভাষণে নাইম কাসেম বলেন, ইসরাইলের সঙ্গে চলমান সংঘর্ষ দীর্ঘস্থায়ী হতে পারে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়েই হিজবুল্লাহ এগোচ্ছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি লেবাননে অবস্থান করে এবং গত ২ মার্চ থেকে ইসরাইলের সঙ্গে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর হিজবুল্লাহ ইসরাইলের ওপর বিমান হামলা চালায়, যার পর থেকেই উত্তেজনা আরও বেড়ে যায়।
অন্যদিকে ইসরাইলও লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা মূলত হিজবুল্লাহর অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই হামলা পরিচালনা করছে। বিশ্লেষকদের মতে, এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যে আরও বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা বাড়ছে।
সূত্র: বিবিসি বাংলা