প্রকাশিত: মার্চ ২২, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশ দুটির দুইশর বেশি আকাশযান ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। সবশেষ শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে ইসরায়েলের একটি এফ-১৬ ইরানের আকাশে অভিযানরত অবস্থায় ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা।
শনিবার (২১ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আধুনিক শত্রু যুদ্ধবিমানসহ ২০০টিরও বেশি শত্রু উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে। এর মাধ্যমে ইরানের আকাশসীমায় হুমকি শনাক্ত ও মোকাবিলায় আইআরজিসির উন্নত সক্ষমতা প্রতিফলিত হয়েছে।
ইসরায়েলি এফ-১৬ ভূপাতিত হওয়ার ঘটনাকে ইরান তাদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং আকাশসীমা রক্ষায় প্রস্তুতির প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। এর আগে একটি পঞ্চম প্রজন্মের মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি ধ্বংস না হলেও বিমানটি মধ্যপ্রাচ্যের একটি জরুরি ঘাঁটিতে জরুরি অবতরণে বাধ্য হয়েছিল।
ইসরায়েলি সামরিক বাহিনীও (আইডিএফ) ইরানের আকাশে তাদের বিমান ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে বলে স্বীকার করেছে। তবে এই ঘটনায় বিমানের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটা স্পষ্ট করেনি তারা।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরু করে। এর জবাবে ইসরায়েল-অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা আঘাত হেনেছে ইরান।
সূত্র: প্রেস টিভি