প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে তেল মজুদ রাখা ও অবৈধভাবে বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করে কৃষকদের মাঝে বিক্রি করা হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ জরিমানা করেন।
সোমবার (৩০ মার্চ) গোয়েন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে এ অভিযান চালানো হয়।জরিমানাপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন-কাশিয়ানী উপজেলার দহিসারা গ্রামের মো. আলমগীর মোল্লা (৬০) ও একই গ্রামের সোবাহান খানের ছেলে ব্যবসায়ী রবিউল ইসলাম (২৯)।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা তার দোকানে জ্বালানি তেল মজুদ করে রেখেছেন এমন গোপন সংবাদ পায় গোয়েন্দা সংস্থা এনএসআই।
পরে এনএসআই সদস্যদের উপস্থিতিতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে মজুদকৃত ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে তেল মজুদের দায়ে ব্যবসায়ী মো. আলমগীর মোল্লাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।
পরে জরিমানার টাকা পরিশোধ করায় ছাড়া পান ওই ব্যবসায়ী।
অপরদিকে, একই বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।অভিযানকালে এনএসআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Ns bn24