কুয়েতে জেল খেটে দেশে ফেরত, বিমানবন্দরে নেমেই মৃ/ত্যু

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬

  • শেয়ার করুন

কুয়েত থেকে জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে নেমেই নুরুল ইসলাম সাগর (৩৫) নামে ফেনীর এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তার দুই শিশুসন্তান রয়েছে।

নুরুল ইসলাম চিথলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন।

নুরুল ইসলামের পরিবার সূত্র জানায়, ২০২৫ সালের আগস্ট মাসে আয় রোজগারের স্বপ্ন নিয়ে কুয়েত যান সাগর। সেখানে বৈধ কাগজপত্র না থাকায় পুলিশের হাতে বন্দি হয়ে ১৫ দিন জেল খাটেন। কারাভোগ থেকে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। শনিবার গতকাল দিবাগত রাত একটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। বিমানবন্দরের দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত দুইটার দিকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে তার সঙ্গে থাকা পাসপোর্টের ঠিকানা অনুযায়ী গ্রামের বাড়িতে খবর পাঠায় পরশুরাম থানা পুলিশ।

নিহত নুরুল ইসলামের বাবা মো. শাহজাহান জানান, পুলিশের কাছে খবর জেনে ঢাকায় গিয়ে ছেলের মরদেহ গ্রহণ করেছি। আমার ছেলে ছাত্রলীগের রাজনীতি করতো বিধায় দেশে ফিরে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কর্মী ও পুলিশের ভয়ে আতঙ্কিত ছিল। মানসিক চাপেই হয়ত তার মৃত্যু হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিমানবন্দর পুলিশের দেওয়া তথ্যমতে আমরা পরিবারের কাছে সাগরের মৃত্যুর খবর পৌঁছে দিই। পরিবারের লোকজন সাগরের মরদেহ গ্রহণ করেছে বলে শুনেছি।
ns dm

  • শেয়ার করুন