জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬

  • শেয়ার করুন

জামালপুরে এক গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২ লক্ষ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর শহরের খুপিবাড়ী এলাকার বাসিন্দা বুলবুল আহমেদ (৪৫), পাথালিয়া নাওভাঙ্গা চর এলাকার বাসিন্দা কালাম মাক্কু (৫০) ও একই এলাকার বাসিন্দা রুকু (৫৫)।মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৪ মে রাত ১০টার দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করে আসামিরা। তারা ভুক্তভোগীকে খুপিবাড়ী এলাকায় বুলবুলের বাড়িতে নিয়ে যায়। সেখানে রুকুর সঙ্গে ভুক্তভোগী নারীর জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। গৃহবধূ বিয়েতে রাজি না হওয়ায় আসামিরা তাকে বিদ্যুতের তার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং একপর্যায়ে তিনজন মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

পরদিন ভুক্তভোগী নারী তার স্বামীকে বিস্তারিত জানালে, ওইদিনই স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, মামলার বিচার কাজ চলাকালীন ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ ২ বছর পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ তিন আসামিকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোকাম্মেল হক ও এস. এম. কামরুল হাসান উল্লাস।
ns ntv

  • শেয়ার করুন