ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক স্বামী

প্রকাশিত: মে ২৮, ২০২৬

  • শেয়ার করুন

বগুড়ার সারিয়াকান্দিতে ঈদের দিন পারিবারিক কলহের জেরে মিমি বেগম (২৬) নামে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিমি বেগম ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের (৩০) স্ত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে মিমি বেগমের সঙ্গে স্বামী রুবেল মণ্ডলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ধারালো চাকু দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই মিমি বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত রুবেলকে আটক করে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ধারালো চাকুর আঘাতে এক নারী নিহত হয়েছেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ns coll

  • শেয়ার করুন