প্রকাশিত: জুন ২৪, ২০২৬
ফেনীতে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের হেলপার ও এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টারলাইন পাম্প-সংলগ্ন খোরশেদ আলম সওদাগর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চট্টগ্রামের ভূজপুরের সিকদার খিল গ্রামের ট্রাকচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে আহসানুল ইসলাম (১৫)। তিনি ট্রাকের হেলপার ছিলেন। অন্যজন ফেনী সদর উপজেলার মধ্যম কাচাঁড় এলাকার ছন্দু মিয়ার ছেলে মীর হোসেন (৪৫)। এ ঘটনায় ফেনী সদর উপজেলার মধুয়াই এলাকার ভ্যানচালক মো. মোস্তফার ছেলে মো. সুমন (৪৫) আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ট্রাকটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের স্টারলাইন পাম্প-সংলগ্ন খোরশেদ আলম সওদাগর বাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। একইসঙ্গে ট্রাকটি একটি ভ্যানগাড়ি ও এক পথচারীকে চাপা দেয়। এতে ট্রাকটির বাম পাশের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা ট্রাকের হেলপার আহসানুল ইসলাম, পথচারী মীর হোসেন ও ভ্যানচালক সুমনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসানুল ইসলাম ও মীর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সুমন হাসপাতালে চিকিৎসাধীন।
মহিপাল হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া, নিহত হেলপারের বাবাই ছিল ট্রাকটির চালক। ঘটনার পর তাকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় তিনিও আহত হয়েছেন বলে জানতে পেরেছি।
ns DP