কাদায় চলে না গাড়ি, অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬

  • শেয়ার করুন

সড়কের বেহাল কারণে কাদা-পানি মাড়িয়ে অসুস্থ মাকে বাঁশে ঝোলানো চেয়ারে বসিয়ে হাসপাতালে নিতে হয়েছে দুই ছেলেকে। দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী খিয়ারমামুদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর গ্রামে এই দৃশ্যটি দেখা যায়।

জানা গেছে, সীমান্তবর্তী খিয়ারমামুদপুর গ্রামের একমাত্র রাস্তাটির বেহাল। সেই রাস্তায় অ্যাম্বুলেন্স, যানবাহন ঢোকা তো দূরে থাক, ঠিকমতো হাঁটার অবস্থাও নেই। গ্রামের ধীমান বসাকের স্ত্রী তপতী রানী গত বৃহস্পতিবার সকালে পেঁপে গাছ ভেঙে পড়ে আহত হন। জরুরি চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নেওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না দুই ছেলে গৌতম বসাক ও উত্তম বসাক। শেষে প্লাস্টিকের চেয়ারে মাকে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে কর্দমাক্ত রাস্তা পার হয়ে স্থানীয় বাজারে পৌঁছান। পরে সেখান থেকে ইজিবাইকে করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

উত্তম বসাক জানান, ‘এ রাস্তা দিয়ে চলতে খুবই কষ্ট হয়। হামার মাক এই রাস্তা দিয়ে নিতে কি যে কষ্ট হলো, তা ওপরওয়ালা জানে আর আমি জানি। রাস্তাত খুবই কাদা। একে তো লাল মাটি, তার ওপর রাস্তা দিয়ে জমি চাষ করা ট্রাক্টর, পাওয়ার টিলার যায়, তাতে রাস্তা এক্কেবারে নষ্ট হইছে। হাঁটি আসার উপায় নাই। এইতনে হামরা দুই ভাই মিলে মায়োক বাঁশোত দড়ি বান্ধে চেয়ার বসে কান্ধোত (কাঁধ) করে এই রাস্তা পার করিছি।’

এ বিষয়ে উপজেলা উপসহকারী প্রকৌশলী মমতাজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উপজেলার গ্রামীণ কাঁচা রাস্তাগুলো পাকা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে খিয়ারমামুদপুর গ্রামের রাস্তাটিও রয়েছে। অনুমোদন হলে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটি পাকা করা হবে।
Ns coll

  • শেয়ার করুন