লক্ষ্মীপুরে পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬

  • শেয়ার করুন

লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসায় ক্লাস নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে ক্বারী ইব্রাহীম নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য সাগরদী এলাকার হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ক্বারী ইব্রাহীম মাদ্রাসায় ক্লাস নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ক্বারী ইব্রাহীম প্রায় ২০ বছর ধরে মধ্য সাগরদী হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কোরআন শিক্ষাদানেও যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

সোমবার (১৭ আগস্ট) জোহরের নামাজের পর মধ্য সাগরদী জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাপুরের চর লরেঞ্চ এলাকায় নেওয়া হয়। সেখানে জানাজা শেষে আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মাদ্রাসার সুপার মাওলানা ইমরান বিন নাজির বলেন, ‘ক্বারী ইব্রাহীম দীর্ঘ প্রায় ২০ বছর ধরে এই মাদ্রাসায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ শিক্ষক ও ভালো মানুষকে হারালাম। তাঁর মৃত্যুতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই গভীরভাবে শোকাহত।’
মাদ্রাসার সহসভাপতি ও রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘ক্বারী ইব্রাহীম ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক। কর্মস্থলে ক্লাস নেওয়ার সময় তাঁর এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দেন।’

মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
ns coll

  • শেয়ার করুন