প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ জিতলেও ব্যক্তিগত জীবনে সবচেয়ে বড় শোকের সংবাদ পেলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। ম্যাচ শেষে জানা যায়, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে (৫৪)।
খেলার সময় বিষয়টি গোপন রাখা হয় দুনিথের কাছে। তবে ম্যাচ শেষে সৌজন্য বিনিময়ের মুহূর্তে দলীয় মিডিয়া ম্যানেজার খবরটি জানান তাকে। মুহূর্তেই ভেঙে পড়েন ভেল্লালাগে এবং তাৎক্ষণিকভাবে আবুধাবি থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হন। তার সঙ্গে ছিলেন টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা।
ম্যাচে একাদশে জায়গা পান দুনিথ ভেল্লালাগে। তবে শেষ ওভারে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি তার করা ওভার থেকে ৩১ রান তোলেন, যা মিলিয়ে ওই ওভারে খরচ হয় ৩২ রান। খেলা চলাকালে টেলিভিশনে ম্যাচ দেখছিলেন সুরঙ্গা ভেল্লালাগে। মানসিক চাপে বুকে ব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
সাবেক ক্রিকেটার সুরঙ্গা ভেল্লালাগে ছেলে দুনিথকে গড়ে তুলেছিলেন ক্রিকেটার হিসেবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক অধিনায়ক লাসিথ মালিঙ্গা, বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এবং আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। আবেগঘন বার্তায় লিটন দাস লিখেছেন, “মাথা উঁচু করে থাকো, দুনিথ। এই কঠিন সময়ে পুরো ক্রিকেট বিশ্ব তোমার পাশে আছে।”
লঙ্কান ক্রিকেটাঙ্গনও শোকে আচ্ছন্ন। সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড ধারাভাষ্যে বলেন, “দুনিথের বাবা সুরঙ্গা নিজেও ক্রিকেট খেলেছেন। তিনি আমাদের স্কুল ক্রিকেটে প্রিন্স অব ওয়েলস কলেজের অধিনায়ক ছিলেন। খবরটি সত্যিই দুঃখজনক।”
এদিকে ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে জয় পেয়েছে। আফগানিস্তানের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তারা ৮ বল হাতে রেখে টপকে যায়। সুপার ফোরে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা।