প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতের নাম শেজাউল ইসলাম (৩৫), পিতা মুজিবুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব তালুকদারের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা আব্দুল মতিনের গ্রুপের কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনাকর রূপ নেয় এবং ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন শেজাউল ইসলাম। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শুভ হাসান (২৫), মজিদ হোসেন (৩৫) ও তানিম (২২) কে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জামালগঞ্জ থানা পুলিশ চারজনকে আটক করেছে। তারা হলেন—শাখাওয়াত হোসেন, নুর আলম, ইমার হোসেন ও মো. অলী। জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।