প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫
ঢাকা, বুধবার │ ইসলামী ব্যাংক থেকে স্ত্রীর চাকরিচ্যুতির খবরে মানসিক আঘাত সহ্য করতে না পেরে লিটন দাশ (৪৫) নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত লিটন দাশ চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রীদণ্ডী এলাকার বাসিন্দা সুবিমল দাশের ছেলে। তার স্ত্রী অপর্ণা দত্ত ইসলামী ব্যাংকের ঢাকা ধনিয়াপাড়া শাখায় সহকারী অফিসার (ক্যাশ) পদে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার (৫ অক্টোবর) রাতে অপর্ণা দত্ত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে চাকরিচ্যুতির চিঠি পান। প্রথমে বিষয়টি স্বামীর কাছ থেকে গোপন রাখলেও পরদিন সোমবার পটিয়া থেকে স্বামীকে নিয়ে ঢাকায় আসেন। ঢাকায় পৌঁছানোর পর অপর্ণা লিটন দাশকে চাকরিচ্যুতির খবর জানান। খবরটি শুনেই লিটন মানসিকভাবে ভেঙে পড়েন এবং দ্রুত অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তীতে বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোকজনিত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রসঙ্গত, ইসলামী ব্যাংকে সম্প্রতি এস আলম গ্রুপের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বর্তমান পরিচালনা পর্ষদ প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে। চাকরিচ্যুতদের একটি বড় অংশই চট্টগ্রাম, বিশেষ করে পটিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলোতে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।