এআই ছবি পোস্ট করে ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান নেতানিয়াহুর

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫

  • শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে দেখিয়ে একটি কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি কার্যকর হওয়ার পরদিনই নেতানিয়াহু তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, ট্রাম্প গলায় সোনার মেডেল ঝুলিয়ে নোবেল পুরস্কার গ্রহণ করছেন এবং পেছনে ইসরায়েলের পতাকা উড়ছে। ছবির নিচে ব্যানারে লেখা— “শক্তির মাধ্যমে শান্তি”।

ছবির ক্যাপশনে নেতানিয়াহু লেখেন, “ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দিনটি একেবারেই নিকটে।”

নেতানিয়াহুর পাশাপাশি ট্রাম্পের জামাতাসহ ঘনিষ্ঠ সহযোগীরাও নোবেল পুরস্কারের দাবিতে সমর্থন জানাচ্ছেন। কয়েক মাস আগেই ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে আবেদন করেছিলেন, ট্রাম্পকে শান্তিতে পুরস্কার দেওয়ার জন্য।

উল্লেখ্য, ট্রাম্প নিজেও বহুবার দাবি করেছেন যে, গাজা যুদ্ধ ছাড়াও তিনি বৈশ্বিক বিভিন্ন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা তাঁকে শান্তি পুরস্কারের উপযুক্ত প্রার্থী করে তোলে।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই পুরস্কার পাওয়ার সম্ভাবনা এখনও খুবই কম। যুক্তরাজ্যভিত্তিক ‘পলিমার্কেট’ সাইটে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের নোবেল জয়ের সম্ভাবনা আগের ২ শতাংশ থেকে বেড়ে বর্তমানে মাত্র ৫ শতাংশে উন্নীত হয়েছে।

👉 সূত্র: ইসরায়েল টাইমস, বিবিসি, পলিমার্কেট

  • শেয়ার করুন