প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫
১৯৯৮ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপে ফেরার পথে ইতিহাস গড়ার অপেক্ষায় নরওয়ে। ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে এক জয়ে বিশ্বমঞ্চে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছেন আর্লিং হালান্ডরা।
শনিবার (১১ অক্টোবর) রাতে অসলোয়ের উলেভাল স্টেডিয়ামে ইসরাইলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। ম্যাচে ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ডের দুর্দান্ত হ্যাটট্রিকই ছিল মূল আকর্ষণ। বাকি দুটি গোল আসে ইসরাইলি খেলোয়াড়দের আত্মঘাতি থেকে।
এই জয়ে গ্রুপ ‘আই’-এর পয়েন্ট তালিকার শীর্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে নরওয়ে। ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে তারা এখন এককভাবে শীর্ষে। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে ইসরাইল, আর ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুইয়ে ইতালি।
আগামী ম্যাচে ইতালি ও ইসরাইল পয়েন্ট হারালেই সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে নরওয়ের—১৯৯৮ সালের পর প্রথমবারের মতো। সেই আসরে শেষ ষোলোয় উঠেছিল তারা এবং বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২–১ গোলে হারিয়ে টুর্নামেন্টে বড় অঘটনের জন্ম দিয়েছিল নরওয়ে।
ম্যাচ শুরুর আগেই বিতর্ক ঘিরে ধরে এই লড়াইকে। ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে অসলোতে শত শত সমর্থক ফিলিস্তিনের পতাকা ও জার্সি পরে বিক্ষোভে অংশ নেন। কড়া নিরাপত্তার মধ্যেই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় বল দখলে কিছুটা লড়াই করলেও আক্রমণে পুরোপুরি অসহায় ছিল ইসরাইল। নরওয়ে ৫৪ শতাংশ বল দখলে রেখে ১৭টি শট নেয়, যার ছয়টি লক্ষ্যে এবং পাঁচটি ছিল সফল। বিপরীতে ইসরাইলের চারটি শটের মাত্র একটি ছিল অন টার্গেটে।
ম্যাচের শুরুটাও ছিল নাটকীয়। ৬ মিনিটে পেনাল্টি মিস করেন হালান্ড। তবে ১৮ মিনিটে আনন খলিলের আত্মঘাতি গোলে এগিয়ে যায় নরওয়ে। ২৭ মিনিটে হালান্ড নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন আলেক্সান্ডার সরলথের পাস থেকে গোল করে। এক মিনিট পরই আরেক আত্মঘাতি গোলে ব্যবধান হয় ৩-০।
দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয় নরওয়ে। ৬৩ মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোল এবং ৭২ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করে ব্যবধান ৫-০ করেন ২৫ বছর বয়সী এই গোলমেশিন।
দাপুটে এই জয়ে ১৯৯৮ সালের পর বিশ্বকাপে ফেরার স্বপ্ন এখন আরও বাস্তব হয়ে উঠেছে নরওয়ের জন্য।